বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ১১তম দ্বিপাক্ষিক সামরিক সংলাপ আজ (১১ ডিসেম্বর) শুরু হচ্ছে। ১১ ও ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনব্যাপী এই সামরিক সংলাপে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন।
এতে আরও বলা হয়, এই সামরিক সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচিত হবে, যার মধ্যে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া, কর্মশালা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।
জানা গেছে, প্রতিনিধি দলে সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ কোস্টগার্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।


