পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ বা মাওলিদ : রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বানী

আহসান শেখ : হিজরি ১৪৪৭ সালের ১২ রবিউল আউয়াল আজ। দেশজুড়ে যথাযথ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। আরব সমাজের ‘আইয়ামে জাহেলিয়া’ বা অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি ও আলোর পথ দেখাতে মহান আল্লাহ তা’আলা আজকের দিনেই রাসুলুল্লাহ (সা.)-কে পৃথিবীতে শেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেন। যার জীবনাদর্শই (সুন্নাহ) পরবর্তীতে হয়ে ওঠে ইসলামের মূল ভিত্তি, মুসলিম উম্মাহর পাথেয়।৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মানবজাতির রহমত স্বরূপ মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। তিনি আরবের মক্কা নগরের সম্ভ্রান্ত কুরাইশ বংশের আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে, মা আমিনার কোলে জন্ম নেন। প্রতি হিজরি বর্ষের তৃতীয় মাস ‘রবিউল আউয়াল’-এর ১২ তারিখটি তাই মুসলমানদের ঘরে ঘরে নবী মুহাম্মদের জন্মক্ষণকে পবিত্র দিন হিসেবে পালন করা হয়।

বিজ্ঞাপন
Advertisement

মুহাম্মাদ (সা.)-এর জন্মের আগেই তাঁর পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মাত্র ছয় বছর বয়সে তিনি মাকেও হারান। এরপর তাঁর দাদা আব্দুল মুত্তালিব এবং দাদার মৃত্যুর পরে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন। ২৫ বছর বয়সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) খাদিজা (রা.) নামের এক সম্ভ্রান্ত নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মহানবী (সা.) অল্প বয়স থেকেই হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ’র ধ্যানে মগ্ন থাকতেন। আনুমানিক ৬১০ খ্রিস্টাব্দে, হেরা গুহায় অবস্থানকালে ফেরেশতা জিবরাইল (আ.) মুহাম্মাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি বা বাণী পৌঁছে দেন। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলাম প্রচারের কাজ করে গেছেন।রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দের রবিউল আউয়ালের কোন এক সোমবারেই ৬৩ বছর বয়সে দুনিয়া থেকে চিরবিদায় নেন তিনি।

প্রতি বছরের মতো আজও সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাঁর বাণীতে বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ সেই মহিমান্বিত দিন, যেদিন আল্লাহর সর্বশেষ রসুল, হজরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় আগমন করেন।তাঁর আগমন মানবজাতির জন্য বয়ে আনে রহমত, শান্তি ও মুক্তির বার্তা। তৎকালীন আরব সমাজের অন্যায়, অসত্য ও অন্ধকার দূর করে মানুষকে তিনি আলোর পথ দেখান। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরান নাজিল করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর জগতে তাওহীদ প্রতিষ্ঠার গুরুদায়িত্ব অর্পণ করেন। নানা প্রতিকূলতা মোকাবিলা করে হজরত মুহাম্মদ (সা.) অসীম ধৈর্য, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন ত্যাগের মাধ্যমে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেন এবং সমগ্র পৃথিবীতে পবিত্র কোরানের মর্মবাণী ছড়িয়ে দেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার বানীতে বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে।

বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ উপলক্ষ্যে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান ড. ইউনূস।

পবিত্র দিনটি উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী অনুষ্ঠানসহ সারাদেশে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
গতকাল (শুক্রবার) বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে পক্ষকালব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আ. আউয়াল হাওলাদার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
এদিন জানানো হয়, ৫ সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদ পূর্ব সাহানে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষ্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বয়ান করবেন দেশবরেণ্য আলেম-ওলামারা।

ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের অধিকাংশ জেলায় মসজিদ,দরবার মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদুন্নবী সাঃ ও সীরাতুন্নবী সাঃ স্মরণে ওয়াজ আলোচনা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, বিভিন্ন ইসলামী দল সংগঠনের উদ্যোগে জশনে জুলুস র‍্যালী অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সরকার সারাদেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর মত প্রধান শহরগুলোতেও সুষ্ঠু ও নিরাপদে জমায়েত ও শোভাযাত্রা জুলুস নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img