ছারছীনা দরবার শরীফে তিন দিনব্যাপী আয়োজিত ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল সোমবার (১ ডিসেম্বর) আখেরি মুনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। লাখো ভক্ত-মুরিদান, আহলে সুন্নাত ওয়াল জামায়াত অনুসারী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা এ আধ্যাত্মিক মহাসম্মেলনে অংশ নেন। সোমবার (১ ডিসেম্বর) লাখ লাখ মুসল্লির সমাগমে পূর্ণ হয়ে উঠে বরগুনার নেছারাবাদস্থ পবিত্র ছারছীনা প্রাঙ্গণ। আখেরি মোনাজাতের আগে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ছারছীনার পীর আলহাজ্ব হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। তিনি বলেন, দেশের বর্তমান অবস্থা অত্যন্ত টালমাটাল। তাই স্বাধীনতা, সর্বভৌমত্ব এবং ৯২ ভাগ মুসলিম জনতার স্বার্থ রক্ষায় সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
তিনি সতর্ক করে বলেন, সিদ্ধান্তে সামান্য ভুলও জাতিকে যুগ যুগ ধরে খেসারত দিতে বাধ্য করতে পারে। তিনি আরো বলেন, ইসলামি শাসনব্যবস্থা কাম্য হলেও আহলে সুন্নাত ওয়াল জামায়াতবিরোধী কোনো মতবাদ কখনোই গ্রহণযোগ্য নয়। উপমহাদেশে ইসলামের প্রসার আউলিয়ায়ে কেরামের অবদানে প্রতিষ্ঠিত হয়েছে এবং ছারছীনা দরবার সেই ধারার সার্থক উত্তরসূরী।
ছারছীনা পীর ভক্তদের উদ্দেশ্যে বলেন, আবেগে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধারণ করতে হবে। যথাসময়ে দিকনির্দেশনা পৌঁছে যাবে। এরপর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি জিকির, দরূদ, আওরাদ-ও-ওয়াজিফা নিয়মিত করার উপদেশ দেন। তিনি মসজিদভিত্তিক সাপ্তাহিক তা’লিমের ব্যবস্থা এবং প্রতিটি ওয়ার্ডে দ্বীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি গ্রহণ করেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে হেলিকপ্টারযোগে ছারছীনা দরবারে আসেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব আস সাইদানী। তিনি ছারছীনা পীরকে মাহফিলে আমন্ত্রণ দেয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার সম্পর্ক ইসলামের মাধ্যমে দৃঢ় হয়েছে। ভৌগলিক ব্যবধান থাকলেও দুই দেশের মানুষ একই আকীদায় বিশ্বাসী। তিনি ছারছীনার ছাত্রদের আলজেরিয়ার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন। এছাড়া তিনি ছারছীনা পীরকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানান।
বাদ জোহর মিলাদ শরীফ শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছীনা পীর। তার কান্নাভেজা দোয়ার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আমীন ধ্বনি মিলিত হয়ে ছারছীনা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহা. শরাফত আলী, ড. মুফতি মাওলানা কাফিল উদ্দীন সরকার ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মো. মাহমুদুল মুনীর হামীম, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার মুফতি মাওলানা ওসমান গণি ছালেহী এবং মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।
মাহফিলে উপস্থিত ছিলেন আলজেরিয়া দূতাবাসের আ্যাটাসে সুফিয়ান টুম, দূতাবাসের প্রযুক্তিগত প্রতিনিধি সাঈদ আচাচে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফেজ মো..রুহুল আমিন এবং নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। এভাবেই আবেগঘন পরিবেশে শেষ হলো দক্ষিণাঞ্চলের বিখ্যাত ছারছীনা দরবারের বার্ষিক মাহফিল।


