সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহারা ৩০০ পরিবারের জন্য দুই কক্ষবিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল টিনের পাকা ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
সোমবার ফাউন্ডেশনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করা ৩০০ পরিবারের জন্য টেকসই ও বসবাস উপযোগী দুই কক্ষের নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে। এসব ঘর ইন্ডাস্ট্রিয়াল টিন ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করে তৈরি করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপদে বসবাস করতে পারে।
গভীর রাতে আল্লাহর ডাক—আপনি কি শুনতে চান?
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামী দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই গৃহহারা পরিবারগুলোর পুনর্বাসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি দেশ-বিদেশের দানশীল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই তাদের বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে গৃহহারা মানুষের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


