টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী তরুণী ও অর্ঘ্য একই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল অর্ঘ্যের বাড়িতে গেলে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে গত ২৭ জুন ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শেষে ১২ জুলাই অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়। আদালত তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি বলেন, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তার দৈনন্দিন কাজের সমন্বয় করছিল এবং সেই সূত্রেই অর্ঘ্যের সঙ্গে তার পরিচয়। অভিযোগের বিষয়টি জানার পর তিনি বিস্ময় ও অস্বস্তি প্রকাশ করেন এবং ভবিষ্যতে ওই ব্যক্তির সঙ্গে আর কাজ করবেন না বলে জানান। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকেও অবহিত করেছেন বলে উল্লেখ করেন।
অন্যদিকে, অভিযুক্তের আইনজীবীর দাবি, অভিযোগকারী ও অর্ঘ্য দীর্ঘদিনের পরিচিত ছিলেন এবং ব্যক্তিগত সম্পর্কের জেরেই এই অভিযোগ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।


