কওমি মাদ্রাসার ইতিহাস-ঐতিহ্য রক্ষা ও ইসলামপন্থী দলগুলোর দূরত্ব কমাতে বাবুনগরে গুরুত্বপূর্ণ বৈঠক; ঐক্যের প্রশ্নে কারা কতটা আন্তরিক—সেটি স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের কওমি মাদ্রাসা অঙ্গনের চলমান পরিস্থিতি, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং ইসলামপন্থী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন কওমি মাদ্রাসাভিত্তিক সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।
তাঁর আহ্বানে সাড়া দিয়ে আজ বাবুনগরে ইসলামপন্থী সাতটি দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। বৈঠকে দেশের বর্তমান প্রেক্ষাপট, কওমি মাদ্রাসার স্বকীয়তা রক্ষা, পারস্পরিক মতপার্থক্য দূর করা এবং ইসলামপন্থী শক্তির মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দীর্ঘদিন ধরে কওমি অঙ্গনের ঐক্য অটুট রাখা এবং ইসলামপন্থী দলগুলোর মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই উদ্যোগকে বর্তমান প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট অনেকেই।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বৈঠকে অংশ নেওয়া অধিকাংশ দলের নেতারা মনে করেন, দেশের বর্তমান বাস্তবতায় ইসলামপন্থী শক্তির বৃহত্তর ঐক্য সময়ের দাবি। তবে রাজনৈতিক অবস্থান ও বিদ্যমান জোটগত বাস্তবতার কারণে কয়েকটি পক্ষ তাদের পূর্বের অবস্থান বজায় রাখার পক্ষেও মত প্রকাশ করেছে বলে জানা গেছে।
এদিকে কয়েকজন বিশিষ্ট আলেম ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, এই সংলাপ ও ঐক্য প্রচেষ্টার মাধ্যমে খুব শিগগিরই দেশের সাধারণ মানুষ, কওমি মাদ্রাসা অঙ্গন এবং আলেম-উলামাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে—ঐক্যের প্রশ্নে কোন পক্ষ কতটা আন্তরিক এবং বিভেদ নিরসনে কারা বাস্তব ভূমিকা রাখতে প্রস্তুত।
তবে বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হতে পারে।


