১৯৭৫ এর ৭ নভেম্বর : ভারত কেন হস্তক্ষেপ থেকে বিরত ছিল? চাঞ্চল্যকর অজানা কাহিনি

মোবায়েদুর রহমান  : এবার একাধিক বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাপ্লিমেন্ট বা ক্রোড়পত্র প্রকাশ করেছে। দুই তিনটি দৈনিক তো সঠিকভাবেই শিরোনাম দিয়েছে, ‘১৭ বছর পর আবার ফিরে এলে ৭ নভেম্বর’। ৭ নভেম্বর ঘটেছিলো ১৯৭৫ সালে। ইতিপূর্বে দৈনিক ইনকিলাবসহ একাধিক পত্র পত্রিকায় ৭ নভেম্বরের ওপর অনেক লেখা লিখেছি। যেমন একটি লেখার শিরোনাম, ‘৩ থেকে ৭ নভেম্বর পাল্টা অভ্যুত্থান এবং শিপাহী জনতার অভ্যুত্থানের রুদ্ধশ্বাস কাহিনী।’ আরেকটি লেখার শিরোনাম, ‘দৃশ্যপটে মোশতাক ও সায়েম: নেপথ্যে কর্নেল রশিদ ফারুক ব্রিগেডিার খালেদ ও কর্নেল জামিল।’ এই ধরনের অসংখ্য লেখা বছরের পর বছর লিখেছি। একারণে এবছর আর বিশেষ সংখ্যায় কিছু লিখিনি। আমাদের মতো যারা সাংবাদিকতায় প্রবীণ, আমার মতে তাদের উচিত এই পুরাতন কিন্তু ঐতিহাসিক ঘটনা নিয়ে কম লিখে নতুনদের জন্য জায়গা করে দেওয়া। এবারও সেই উদ্দেশ্যই ছিলো। কিন্তু ৭ নভেম্বর রাতে ইউটিউবে বিবিসির এক প্রাক্তন সাংবাদিকের তথ্য প্রকাশ দেখে আমার মনে পড়লো, কিছু নেপথ্য কাহিনী বর্তমান প্রজন্মকে জানানো উচিত। আসুন, সেদিকেই চোখ ফেরাই। ৭ নভেম্বরের আলোচনা করলে তার ৩ মাস আগের একটি ঐতিহাসিক ঘটনা এবং ৭ নভেম্বরের ৩ দিন আগের আরেকটি ঐতিহাসিক ঘটনা অবধারিতভাবে এসে পড়ে। এই দুটি ঘটনা বা তারিখ হলো, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর। কান টানলেই মাথা আসে। তাই ৭ নভেম্বরকে সিপাহি-জনতার বিপ্লব বললে কেনো সেটি বিপ্লব সেটি ব্যাখ্যা করার জন্য ১৫ আগস্ট ও ৩ নভেম্বরকে আনতেই হবে।

বিজ্ঞাপন
Advertisement

সকলেই জানেন, একটি রক্তাক্ত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবের সরকারের পতন ঘটে। শেখ মুজিব ৩ বছর ৮ মাস ক্ষমতায় ছিলেন। এই ৩ বছর ৮ মাসের ইতিহাস কি সেটি সকলেই জানেন। তাই সেদিকে আর যাচ্ছি না। ১৫ আগস্ট মুজিব সরকারের পতনের পর ১৭/১৮ জন মধ্যম স্তরের সেনা অফিসারের সমর্থনে শেখ মুজিব সরকারের মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ দেশের প্রেসিডেন্ট হন। এই কথা কেউ কখনো বলেন না যে, খন্দকার মোশতাক আহমদই তার বক্তৃতা শুরু করতেন ‘বিসমিল্লাহির রাহমানির রহীম’ দিয়ে। শেষ করতেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে। সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন রক্ষা করছেন তারেক রহমান।

 

মুজিব যুগের অবাসন ঘটে ১৫ আগস্ট দিবাগত রাত পেরিয়ে সূর্যোদয়ের পূর্বে। মেজর ডালিমের ঘোষণায় দেশবাসী সেই ঘটনা জানতে পারেন। তখন অনেকে বিশ্বাস করেনি যে, শেখ মুজিব জীবিত না মৃত। বিশ্বাস করেনি ভারত সরকারও। ১৫ আগস্ট ছিলো শুক্রবার। বেলা ৯টার মধ্যে ক্ষমতার করিডোরে জোরগুঞ্জন এবং আতঙ্ক ছিলো যে, যদি শেখ মুজিব জীবিত থাকেন তাহলে ভারত হস্তক্ষেপ করবে। অত্যন্ত উচ্চ মহলে কানাঘুষা চলছিলো যে, পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা ও বাগডোগরা মিলিটারি বিমানঘাঁটিতে ২ স্কোয়াড্রন জঙ্গি বিমান টেক অফ স্টেজে মোতায়েন রয়েছে। এর মধ্যে বাগডোগরায় রয়েছে কয়েকটি ন্যাট (GNAT) জঙ্গি বিমান। আর কলাই কুন্ডায় ছিলো হান্টার ও ক্যানবেরা জঙ্গি বিমান।

শেখ মুজিব বেঁচে আছেন এই সিগনাল পেলেই তারা বাংলাদেশের উদ্দেশ্যে টেক অফ করবে। এর মধ্যে ভারতীয়রা নিজস্ব সূত্রে এবং অন্যান্য সূত্রে খবর পায় যে, শেখ মুজিব আর জীবিত নাই। তখন ভারতের বিমান বাহিনীর স্টেট অব অ্যালার্ট নামিয়ে ফেলা হয়।

 

॥দুই॥

৩ নভেম্বরের ঘটনা আপনারা সকলেই জানেন। এই ঘটনার নায়ক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের নাম এলেও তার প্রকৃত শক্তি ছিলেন ৯ম ডিভিশনের অধীন ৪৬ পদাতিক ব্রিগেডের অধিনায়ক কর্নেল সাফায়াত জামিল। ৩ নভেম্বর যে পাল্টা অভ্যুত্থান হয় সেটা ছিলো প্রকৃত পক্ষে ১৫ আগস্ট সংঘটিত সামরিক অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থান। ৪ নভেম্বর ধানমন্ডিতে একটি মিছিল বের হয়। ঐ মিছিলে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার খালেদ মোশররফের মাতা এবং ভাই রাশেদ মোশাররফ। এই মিছিলে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়া হয় এবং জয়বাংলা স্লোগান উচ্চারিত হয়। এই খবরটি দৈনিক ‘ইত্তেফাকের’ প্রথম পৃষ্ঠায় ফলাও করে ছাপা হয়। এই মিছিলের খবর শুনে খালেদ মোশাররফ তার মাকে বলেন, ‘মা, তোমরা আমাকে শেষ করে দিলে।’ সাফায়াত জামিলের অনুসারীরা জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে।

 

এখানে একটি কথা উল্লেখ করা দরকার। খন্দকার মোশতাকের নেতৃত্বে যে অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানে সংবিধান বহাল থাকে, জাতীয় সংসদও বহাল থাকে এবং আওয়ামী লীগ সদস্যদের নিয়েই খন্দকার মোশতাক তার মন্ত্রিসভা গঠন করেন। কিন্তু খালেদ মোশাররফ ক্ষমতা গ্রহণের পর জাতীয় সংসদ ভেঙে দেন। কিন্তু সংবিধান বহাল থাকে। প্রশ্ন হলো, কোন সংবিধান? শেখ মুজিব তো ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জাতীয় সংসদের বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে পার্লামেন্টারি সরকারের খোল নলিচা সম্পূর্ণ পাল্টে এক দলীয় প্রেসিডেন্সিয়াল সরকার বা বাকশাল কায়েম করেন। সুতরাং, খালেদ মোশাররফ নিযুক্ত প্রেসিডেন্ট সায়েম কি বাকশালী সংবিধানের প্রেসিডেন্ট? নাকি ৭২ এর সংবিধানের প্রেসিডেন্ট হন? এই Puzzle এর গ্রহণযোগ্য উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেননি।

 

॥তিন॥

এর আগে জাসদের কর্নেল তাহের সেনাদের মধ্যে ‘বিপ্লবী সৈনিক সংস্থা’ বলে একটি সংগঠন গড়ে তোলেন। ৬ নভেম্বর দিবাগত গভীর রাতে সৈন্যরা জেনারেল জিয়াকে বন্দিত্ব থেকে মুক্ত করেন। পরদিন সকালে জেনারেল জিয়ার প্রধান কাজ ছিলো সৈনিকদের রাজপথ থেকে ব্যারাকে ফিরিয়ে আনা এবং সামরিক বাহিনীতে চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠা করা।

লেখার এই পর্যায়ে গত ৭ নভেম্বর রাতে আমার কম্পিউটারে একটি ইউটিউব ভিডিওতে আমার চোখ আটকে গেলো। ভিডিওতে কথা বলছেন একজন অভিজ্ঞ ইউটিউবার যিনি বিবিসিতে চাকরি করেছেন এবং ড. ইউনূসের সময় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার ছিলেন। এর আগে তিনি বিবিসির ঢাকার সাংবাদিক ছিলেন। তিনি তাঁর আলোচ্য ইউটিউবে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।

 

এখানে উল্লেখ করা যেতে পারে যে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় হস্তক্ষেপ নিয়ে আমেরিকার সাথে ভারতের মনোমালিন্য চলছিলো। চীন ও সৌদি আরব তখনো বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। আমেরিকা ১৯৭২ সালের এপ্রিল মাসে এবং পাকিস্তান ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি দিলেও সম্পর্কে টানাপোড়েন ছিলো। এই পটভূমিতে ডেপুটি চিফ মার্শাল ল’ অ্যাডমিনিস্ট্রেটর হলেও জেনারেল জিয়া মার্কিন দূতাবাসে ওই দিন দ্বিপ্রহরের ঠিক আগে একটি প্রতিনিধি দল পাঠান। প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ইউজিন বোস্টারের সাথে দেখা করেন। জেনারেল জিয়ার তরফ থেকে বলা হয় যে, অতীতের তিক্ততা মুছে ফেলে ৭ নভেম্বরের সরকার আমেরিকার সাথে ভালো সম্পর্ক চায়। তারা রাষ্ট্রদূতকে অনুরোধ জানান যে, বাংলাদেশে যেনো তারা মানবিক ও অন্যান্য সাহায্য অব্যাহত রাখেন। ইউটিউবার আকবর দাবি করেন যে, সাম্প্রতিককালে অবমুক্ত করা মার্কিন ক্লাসিফায়েড ডকুমেন্ট থেকে এসব কথার সমর্থন পাওয়া যায়। বলা হয় যে, মার্কিন দূতাবাস জিয়ার প্রতিনিধি দলের কথাগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

 

চিত্রের অপর পৃষ্ঠে ভারত তখন নতুন গুটি চালছিলো। যেহেতু খালেদ মোশাররফ এবং সাফায়াত জামিলের সরকারকে বাহ্যিকভাবে প্রো-ইন্ডিয়ান মনে হচ্ছিলো তাই জিয়ার সরকারকে ভারত ভালোভাবে গ্রহণ করতে পারেনি। ৭ নভেম্বরের পর ক্যান্টনমেন্টের অস্থির পরিস্থিতি যে বিদ্যুৎ গতিতে শান্ত হয়ে আসবে সেটা ভারত কল্পনাও করতে পারেনি। তারা বরং ভাবছিলো যে, এই অস্থির পরিস্থিতি যদি কন্টিনিউ করে তাহলে তারা হস্তক্ষেপ করবে।

এই হস্তক্ষেপের অজুহাত সৃষ্টি করার জন্য ভারত নতুন সরকারকে ৪টি শর্ত দেয়। এই ৪টি শর্ত হলো, (১) বাংলাদেশে সৃষ্ট অস্থির পরিস্থিতির কারণে ১৯৭১ এর মতো যেনো ভারতে রিফিউজি ইনফ্লাক্স (শরণার্থীর প্রবেশ) না হয়। (২) বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা যেনো বিঘ্নিত না হয়। (৩) ৭ নভেম্বরের পরিণতিতে বাংলাদেশ যেনো ইসলামিক রাষ্ট্র না হয়। (৪) বাংলাদেশ যেনো চীনকে কোনো সামরিক ঘাঁটি না দেয়।আমেরিকার তরফ থেকে খোদ পররাষ্ট্রমন্ত্রী ড. হেনরি কিসিঞ্জার ঢাকাকে আশ্বাস দেন যে, বাংলাদেশের এই অস্থির সময়ে আমেরিকা বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার নিশ্চয়তা বিধান আমেরিকা করবে। আমেরিকা ভারতকে জানিয়ে দেয় যে, বাংলাদেশে যা কিছু হচ্ছে তা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে অন্য কোনো শক্তি যেনো নাক না গলায়।

ড. কিসিঞ্জার ভারতকে জানান যে, তাদের দৃষ্টিতে জেনারেল জিয়া একজন প্রাক্টিক্যাল ম্যান। আমেরিকার এই কঠোর ভূমিকার পর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পাঁয়তারা থেকে ভারত সরে আসে।

ওপরে যে ঘটনা বিধৃত করলাম সেটি আমার জানামতে কোথাও প্রকাশিত হয়নি। জেনারেল জিয়া ক্ষমতা গ্রহণের পর থেকেই বাংলাদেশকে ভারতের কালো থাবা থেকে বাঁচানোর জন্য তাৎক্ষণিকভাবে আমেরিকার সমর্থন আদায় করেছিলেন। পরবর্তীকালে এই জেনারেল জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে চীনের দৃঢ় সমর্থনও আদায় করেন। শহীদ জিয়াই গঙ্গার পানির ন্যায্য হিস্যার জন্য ফারাক্কা প্রশ্নে জাতিসংঘে গিয়েছিলেন।শেখ হাসিনা তার সাড়ে ১৫ বছরে ভারতের চরণতলে বাংলাদেশের সব কিছু নৈবেদ্য হিসাবে অর্পণ করেছিলেন। জুলাই বিপ্লবের পর ভারতের তাবেদারি থেকে বাংলাদেশের জনগণ স্বদেশকে মুক্ত করেছিলেন। এখন দেশের আজাদী এবং সার্বভৌমত্বের জিম্মাদার শহীদ জিয়ার পুত্র তারেক রহমান ।

Related articles

spot_img

Recent articles

spot_img