প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
গতকাল জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষাকে বাধ্যতামূলক করা হলে শিক্ষার্থীরা একদিকে ভাষাগত দক্ষতা অর্জন করবে, অন্যদিকে পবিত্র কোরআন ও হাদিস বুঝতে তাদের জন্য অনেক সহজ হবে।
তিনি বলেন, আরবি শুধু একটি ভাষা নয়, ইসলামি জ্ঞান ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের মধ্যে আরবি ভাষার ভিত্তি গড়ে তুলতে পারলে তারা ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
মুফতি আবুল হাসান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
তার এ বক্তব্য সংসদে আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মতামত প্রকাশিত হচ্ছে।


