পটুয়াখালীতে ‘২৪-এর ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখা এবং ফ্যাসিবাদবিরোধী জনমত সুদৃঢ় করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় পটুয়াখালী শহরের চৌরাস্তা থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস ক্লাব-ঝাউতলা এলাকায় গিয়ে তা শেষ হয়।
পদযাত্রায় ছাত্র জমিয়ত বাংলাদেশের জেলা, পৌরসভা ও বিভিন্ন ক্যাম্পাস শাখার নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন (সাবেক) সভাপতি মাওলানা শেখ মজিবুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মাওলানা মোতাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।
ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাকি বিল্লাহর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে জেলা, পৌরসভা ও বিভিন্ন ক্যাম্পাস শাখার দায়িত্বশীল নেতাকর্মীরা অংশ নেন।
পদযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
বক্তারা বৈষম্য, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


