যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ, পাকিস্তান, ইরান ও ইরাক সহ সারা বিশ্বের ইমামীয় শিয়া সম্প্রদায়ের মুসলিমরা গত ০৪ আগস্ট মঙ্গলবার (হিজরী ২০ সফর) আরবাঈন বা আশুরার চল্লিশ দিন অর্থাৎ চেহলুম পালন করেছেন। এ উপলক্ষে বিভিন্ন শিয়া মসজিদ ও ইমামবাড়ায় ইবাদত বন্দেগী, শোক মজলিস ও শোক তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। চেহলুম উপলক্ষে রাজধানী ঢাকার হোসেনী দালান ইমামবাড়া থেকে ০৪ আগস্ট ও ফরাশগঞ্জ এর বিবিকা রওজা ইমামবাড়া থেকে আগের দিন ৩ আগস্ট বিকেলে শিয়া সম্প্রদায়ের একটি শোক তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছিল। রাজধানীর বাইরে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী, সাতক্ষীরা, যশোর, রংপুর, নীলফামারীর সৈয়দপুর ও খুলনাতেও শিয়াদের চেহলুম বা আরবাঈনের শোক মজলিস ও শোক তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছিল।
সফর মাসের ১১ থেকে ২০ তারিখে আরবাঈন উপলক্ষে ইরাকের কারবালায় পৌছান ইরান, ইরাক, পাকিস্তান, ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আগত লাখ লাখ তীর্থযাত্রী। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা. ও আ.)-এর শাহাদাত এর ৪০ দিন স্মরণে এই শোকানুষ্ঠান পালিত হয়। যার মাধ্যমে শিয়াদের মুহররমের দেড় মাসের শোক পালনের আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়েছে। ইসলামের ইতিহাসে কারবালার প্রান্তরে তাঁর আত্মত্যাগ ন্যায় ও সত্যের পক্ষে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ‘আরবাঈন’ আরবি শব্দ, যার অর্থ চল্লিশ। ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাতের ৪০তম দিনে শিয়া মুসলিমরা এই তীর্থযাত্রা ও শোকানুষ্ঠান পালন করেন।


