রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : বিরোধী দলীয় জোট থেকে অলি আহমদকে প্রার্থী ঘোষণা

গত ২৪ জুলাই দেশের ২২ তম রাষ্ট্রপতি মুহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থতার কারণে পদত্যাগ করেন। বর্তমানে এখন সংসদ স্পিকার হাফিজ উদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে আছেন। দুই মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংবিধানে রয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

বিজ্ঞাপন
Advertisement

 

মঙ্গলবার ১১ আগস্ট দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। চিফ হুইপ বলেন, সংসদ সদস্যরা আসন নম্বর অনুযায়ী নির্ধারিত বুথে গিয়ে ভোট দেবেন। ব্যালটে প্রার্থীর নাম লিখে ভোট দিতে হবে। ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।এর আগে রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় প্রতিনিধিসহ নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক হয়।নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে চিফ হুইপ বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। তিনি জানান, বিরোধী দলের ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এটিকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যেই বিরোধী দল প্রার্থী দিয়েছে বলে জানান তিনি।

 

চিফ হুইপ বলেন, সংসদ ভবনের ভেতরেই ভোটগ্রহণের জন্য বুথ স্থাপন করা হবে। রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারও ভোট দেবেন। ভোটগ্রহণের সময় গণমাধ্যমের উপস্থিতি থাকবে এবং ভোট শেষ হওয়ার পর ফলাফল প্রস্তুতের প্রক্রিয়াও গণমাধ্যমকে জানানো হবে।তিনি জানান, মোট ভোট ৩৪৯টি। নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে ফলাফল প্রস্তুতের কাজ শুরু করা যাবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

এদিকে গত ৯ আগস্ট রবিবারে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়।

 

বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

নাহিদ ইসলাম বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—রাষ্ট্রপতি নির্বাচনে আমরা ১১ দলের পক্ষ থেকে অংশ নেব। আমরা প্রার্থী দেবো। যেহেতু ১১ দল আমরা ঐক্যবদ্ধ আছি পার্লামেন্টে এবং বাইরে গণভোটের জন্য, সেই জায়গায় আমাদের কমন প্রার্থী থাকবে, ঐক্যবদ্ধ প্রার্থী থাকবে। বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন ১১ দলেরই শরিক দল এলডিপির চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, বিভিন্ন সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Related articles

spot_img

Recent articles

spot_img