আহসান শেখ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চেমেনি মেমোরিয়াল হলে আয়োজিত ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ ২০০৬-এর ৬ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিনের বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের পুনর্বাসনের পটভূমি তুলে ধরে বলেন, বিগত রাজনৈতিক প্রেক্ষাপটে এবং স্বৈরাচারী ও একদলীয় শাসন ব্যবস্থার কারণে বহুলোক অন্যায়ভাবে চাকরি ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছিলেন। বর্তমান গণতান্ত্রিক সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসন করে তাদের চাকরিতে পুনর্বহাল এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
বঞ্চনার দীর্ঘ ইতিহাস মুছে দিয়ে এই কর্মকর্তাদের মর্যাদার সঙ্গে পেশাগত জীবনে ফিরিয়ে আনা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্ত্রী উল্লেখ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাইনুল হাসান।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, একাডেমির প্রশিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের গত আট মাসের মেয়াদে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা কাস্টোডিয়াল ডেথের ঘটনা ঘটেনি। এটি স্পষ্ট করে যে দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে জনকল্যাণ সাধনে সরকারকে আরও অনেক দূর যেতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে কোনো অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সফলভাবে অপরাধীদের শনাক্তকরণ, গ্রেফতার, যথাযথ তদন্ত এবং বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে সক্ষম হচ্ছে।


