নরসিংদীতে হুমায়ূন কবির নামে ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার মাছের আড়ৎ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন (৩৫) মেহেড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও একই ইউনিয়নের নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে।
নিহতের ভাতিজা তন্ময় জানান, রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে একই এলাকার পরিচিত দুই যুবক হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের অদূরে পাঁচদোনা বাজার মাছের আড়ৎ মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময়সহ অন্যরা। এ সময় তন্ময় এগিয়ে গেলে তাকেও লক্ষ্য করে গুলি ছুড়ে মোটসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) , ‘ব্যডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে কোনো পূর্বশতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ চলছে।’


