শুরু হয়েছে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ : মেলার ৩য় ও ৪র্থ দিনেই প্রচুর জনসমাগম

আহসান শেখ : বছর ঘুরে আবারও এসেছে ফেব্রুয়ারী মাস এর মধ্যেই ঢাকায় শুরু হয়েছে বাংলা একাডেমীর এবারের অমর একুশে গ্রন্থমেলা বা বইমেলা। গত ০১ ফেব্রুয়ারী শনিবার থেকে বইমেলা শুরু হয় যার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস৷ জুলাই আগস্টে ছাত্র–জনতার গণ অভ্যুত্থানে হাসিনার পতনের পরে প্রথম বইমেলা এটি। ০১ ফেব্রুয়ারী শনিবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। এই বইমেলা ০১ ফেব্রুয়ারী শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত তথা একমাস চলবে৷ এবারের বইমেলার প্রতিপাদ্য বিষয় “জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ”।

বিজ্ঞাপন
Advertisement

বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ ১৬ বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। এই বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা। যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এসেছে। ”

 

এবারের বইমেলায় মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি। মোট প্যাভিলিয়ন থাকবে ৩৭টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি থাকবে। অমর একুশে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলায় শিশুচত্বরে মোট ৭৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গত বছর প্রতিষ্ঠান ছিল ৬৪২টি এবং ইউনিট ছিল ১ হাজার ৯৪৬টি।

 

 

প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত (৮ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি ব্যতীত, ৮ ও ১৫ তারিখের সময়সূচি কর্তৃপক্ষ পরবর্তীতে জানাবে) । এবার বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ন রাখা হয়েছে তবে আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মেলার বাহির পথ এবার কিছুটা সরিয়ে মন্দির গেটের কাছাকাছি নেওয়া হয়েছে। এ ছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অংশে মোট চারটি প্রবেশ ও বাহির পথ থাকবে।

 

প্রথম দুই দিনের তুলনায় তৃতীয় দিন (০৩ ফেব্রুয়ারী) পাঠক সমাগম বাড়তে দেখা যায়। বিকেলে অনেকেই বইমেলায় আসেন। এদিকে, আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অমর একুশে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘কুমুদিনী হাজং’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন পাভেল পার্থ। আলোচনায় অংশগ্রহণ করেন মতিলাল হাজং এবং পরাগ রিছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সাঈদ খান।

Related articles

spot_img

Recent articles

spot_img