আজ শনিবার সারাদেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলিমদের দ্বিতীয় উৎসব ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় সারা দেশে এবারের ঈদ উদযাপিত হচ্ছে। বাংলাদেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে। শনিবার সকালে জাতীয় ঈদগাহ সহ সারাদেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত হয় যেখানে লাখো মুসলিম অংশগ্রহণ করেন৷
ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-এর ঐতিহাসিক ঘটনার স্মরণে উদযাপন করা হয়।মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। খতিবগণ খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন। ধনী-গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাজারো মুসল্লির সঙ্গে নামাজে অংশ নেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক নামাজে ইমামতি করেন।
অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন।
ভোর থেকেই প্রধান জামাতে অংশ নিদে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে মুসল্লিরা আসতে শুরু করেন। নামাজ শুরু হওয়ার আগেই ঈদগাহ প্রাঙ্গণ পূর্ণ হয়ে যায়।


