আগামী ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যায় বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
চার দিনের সরকারি সফরে সোমবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মত ইউরোপ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
লন্ডন সফর ঘিরে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিকসহ নানা অঙ্গনেই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়টি আলোচিত হয়ে আসছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এতোদিন বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
গত ৪ জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘বিএনপি, সরি, আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না। কিন্তু যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন সেটা কনজারভেটিভ হোক বা লেবারের হোক অথবা অন্য কোনো দলের হোক, মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের সাথে মিটিংয়ের কথা বলেছি। আসলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে মিটিংয়ের বিষয়টি আমার জানা নেই।’
লন্ডন সফরে আগামী ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের। তবে এবারের সফরে কোনো সমঝোতা স্মারক বা চুক্তি হচ্ছে না বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া ১২ জুন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। একই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড নেবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


