দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত

আহসান শেখ : যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সারা দেশে গত ০৬ সেপ্টেম্বর শনিবার অর্থাৎ ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরীতে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর স্মরণে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত হয়েছে । এ উপলক্ষে সেদিন সরকারি ছুটি ছিল। দিবসটি পালনে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও অনেক দরবারের পীর মাশায়েখ গণ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল মহানবী (সা.)-এর সীরাতের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মহফিল এবং জশনে জুলুস র‍্যালী । ইবনে হিশাম ও ইবনে কাসীর সহ অধিকাংশ মুসলিম মনীষী ও ইতিহাসবিদদের মতে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল (অন্যদের মতে ০৯ ও ১৭ রবিউল আউয়াল) মক্কায় নবীজি মুহাম্মদ সাঃ জন্মগ্রহণ বা দুনিয়াতে শুভাগমন করেন, রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের কোন এক সোমবারে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি । এবছর অনেক মুসলিম আলেম উলামাদের মতে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী মিলাদুন্নবী সাঃ এর ১৫০০ বর্ষপূর্তি হওয়ায় ব্যাপক উচ্ছাস ও উদ্দীপনা ছিল।

বিজ্ঞাপন
Advertisement

 

ঈদে মিলাদুন্নবী সাঃ এর আগের দিন রাতে অনেক মসজিদে মিলাদুন্নবী সাঃ ও সীরাতুন্নবী সাঃ স্মরণে আলোচনা বয়ান মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়, কোথাও কোথাও আলোকসজ্জাও করা হয়। পবিত্র দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী অনুষ্ঠানসহ সারা দেশে ব্যাপক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মিলাদুন্নবী সাঃ এর আগের দিন ০৫ সেপ্টেম্বর (১১ রবিউল আউয়াল) শুক্রবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে পক্ষকালব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব থেকে শুরু হওয়া ওয়াজ মহফিল আগামী ১৯ সেপ্টেম্বর শেষ হবে। ১৫ দিনব্যাপী বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পূর্ব সাহানে এতে বয়ান করবেন দেশবরেণ্য আলেম-ওলামারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ সাহানে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলারও আয়োজন করা হয়েছে যা ১৩ সেপ্টেম্বর শুরু হবে ।

ঈদে মিলাদুন্নবী সাঃ এর দিন দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা কিরাত হামদ নাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে অনেক দল সংগঠন ও সুন্নি পীর মাশায়েখ দরবারের উদ্যোগে মিলাদুন্নবী সাঃ মাহফিল ও জশনে জুলুস র‍্যালী অনুষ্ঠিত হয়েছিল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান হতে আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি ও বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বে লাখো নবীপ্রেমী সুফিবাদী জনতার অংশগ্রহণে জাঁক-জমকভাবে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো সুন্নি সুফি ধর্মপ্রাণ জনতা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিমদিক থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ করে আবার পশ্চিম গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি মহাসমাবেশে মিলিত হয়।

ঢাকার আউটার সার্কুলার রোড রাজারবাগী দরবার সুন্নতী জামে মসজিদ রাজারবাগী পীর ও তাদের আঞ্জুমানে আল বাইয়্যিনাত এর অনুসারীরা ঈদে মিলাদুন্নবী সাঃ কে সাইয়্যিদুল আইয়্যাদ শরীফ হিসেবে পালন করেন, মিলাদুন্নবী সাঃ এর দিন ভোরে কোটি কণ্ঠে মিলাদ কিয়াম শরীফ পালন করেন ও সকালে মোটরবাইক যোগে জুলুস র‍্যালী করেন। মোহাম্মদপুর নেদায়ে ইসলাম উয়েসীয়া রিসার্চ সেন্টার থেকে নেদায়ে ইসলাম সংগঠনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে এক মোটরবাইক যানবাহন যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী সাঃ এর দিন ইমাম হায়াতের বিশ্ব সুন্নী আন্দোলন ইনসানিয়াত বিপ্লব এর উদ্যোগে ঈদে আযম উপলক্ষে সমাবেশ ও সেখান থেকে একটি র‍্যালী হয় যা হাইকোর্ট মাজারে শেষ হয়।

সকাল ০৮ টার পরে মতিঝিল শাপলা চত্বর থেকে প্রেসক্লাব পর্যন্ত পীর বদরুল আমিন রেজভীর নেতৃত্বে রেজভীয়া দরবার ও রেজভীয়া ফোরামের উদ্যোগে জশনে জুলুস মিছিল হয় এবং বিএমএ মিলনায়তনে একটি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তারা। সকাল ০৯ টায় কমলাপুর রেলস্টেশন জামে মসজিদ থেকে খাজা আরিফুর রহমান তাহেরীর বাংলাদেশ আনজুমানে আশেকানে মোস্তফার উদ্যোগে ঈদে একটা উপলক্ষে এক জশনে জুলুস র‍্যালী রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে রেলওয়ে সুন্নীয়া মাদ্রাসায় দুপুর ১২ টার আগে শেষ হয়ে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পুরান ঢাকার সদরঘাট বদরপুর দরবার শরীফে ১২ দিনের মাহফিল শেষে মিলাদুন্নবীর দিন সকালে সেখান থেকে প্রেসক্লাব পর্যন্ত জশনে জুলুস র‍্যালী হয়। একইভাবে মাদারটেক পুরাতন জামে মসজিদে ১২ দিনের মাহফিল শেষে মিলাদুন্নবী সাঃ এর দিন সকালে সেখান থেকে একটি জশনে জুলুস র‍্যালী অনুষ্ঠিত হয়।

 

ঈদে মিলাদুন্নবী সাঃ এর আগের দিন রাতে আন্তর্জাতিক ইসলামী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামীর বাংলাদেশ শাখার উদ্যোগে ঢাকার সায়েদাবাদ ফয়জানে মদীনা, শাহজাহানপুর ফয়জানে গরীবে নেওয়াজ মসজিদ ও চট্টগ্রামে জমিয়তুল ফালাহ সহ সারাদেশে ২৩ টি জায়গায় ইজতিমায়ে মিলাদ অনুষ্ঠিত হয়,মিলাদুন্নবী সাঃ এর দিন সকালে চট্টগ্রাম ও মুন্সীগঞ্জে এবং দুপুর ২ টার পরে ঢাকার সায়েদাবাদ থেকে জশনে জুলুস র‍্যালী অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় হাইকোর্ট মাজার থেকে আনজুমানে আশরাফিয়া ট্রাস্টের উদ্যোগে র‍্যালী অনুষ্ঠিত হয়।

 

এদিকে বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের সিরিকোট থেকে আগত পীর সাবির শাহের নেতৃত্বে চট্টগ্রামের ষোলশহর থেকে হওয়া বিশ্বের বৃহত্তম এ জশনে জুলুস (শোভাযাত্রা) ৫৪তম বারের মতো আয়োজন করছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি যেখানে লাখো মানুষ শরীক হন । পরে দুপুরে যোহরের আজানের আগে সেখানেই জুলুস শেষ হয় ও মাহফিল অনুষ্ঠিত হয়।

Related articles

spot_img

Recent articles

spot_img