ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে ১৩ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে পবিত্র ‘মাওলিদ সেলিব্রেশন’। স্কলারস ফোরাম বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে ঈদে মিলাদুন্নাবী উদযাপন পরিষদ। এ অনুষ্ঠানে সৈয়দ গোলাম কিবরিয়া আযহারী ও শায়খ আরিফুল ইসলাম আশরাফি সহ সমমনা অনেক আলেমগণ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন কারী হাবিবুর রহমান মেশকাত। হামদ ও নাত পরিবেশন করেন আব্দুর রহমান হোসাইনী ও মিনহাজুল আবেদীনসহ একাধিক শিল্পী। পরে স্বাগত বক্তৃতা করেন শায়খ আরিফুল ইসলাম আশরাফী। শুভেচ্ছা বক্তৃতা করেন শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী। সকাল ১১টা ২০ মিনিটে পুরস্কার বিতরণী পর্বে ইসলামী রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দুপুরে শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে সদ্য প্রয়াত মশুরিখোলা দরবারের মরহুম পীর শাহ সুফী আহসানুজ্জামান, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড: এম শমসের আলী এবং ছারছীনার পীর মরহুম শাহ মেহেব্বুল্লাহ কে মরণোত্তর বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ও তাসাউফ গবেষক ড. আবুল ফাতাহ মোহাম্মদ মুহিউদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান। তারপর দুপুর বারোটায় সম্মিলিত কন্ঠে সালাত ও সালাম বা মিলাদ কিয়াম এবং দোয়া মোনাজাতের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।


