আহসান শেখ : স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে এখনো কিছু ‘ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল’ সক্রিয় রয়েছে, যারা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে এবং তারা পাহাড়ে পার্বত্য অঞ্চলে বিশৃঙ্খলা ছড়াচ্ছে । গত ১০ ও ১২ অক্টোবর তিনি এ কথাগুলো বলেন । শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে আয়োজিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সম্প্রতি দুর্গাপূজার সময় অসুরের মুখে দাড়ি লাগিয়ে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এই বিচ্ছিন্ন ঘটনা নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।”স্বরাষ্ট্র উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অত্যাচার ও অনাচার পরিহারে সচেতন হওয়ার এবং বিশ্ব মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা বর্তমান সরকারের অগ্রাধিকার। কেউ যেন এটি নস্যাৎ করার সুযোগ না পায়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”
এদিকে রোববার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে কোর কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোটপ্রক্রিয়া নিশ্চিত করার জন্য যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি ও গ্রুপকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে। তিনি আরো বলেন, নির্বাচনে ৮০ হাজার স্বশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সে বিষয়ে নির্দেশনা প্রদানের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তিনি বলেন, পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ইন্ধন দিয়েছিল। বর্তমানে পাহাড় অনেক শান্ত রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি আরও বলেন, বিগত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ খ্রিষ্টাব্দের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে যথাসম্ভব দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখা হবে।


