নাহিদ ইসলামকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেছে, কোনো রাজনৈতিক দলের বিষয়ে অন্য দলের মন্তব্য করার সময় শিষ্টাচার ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা উচিত। রবিবার (১৯ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক মন্তব্যের জবাবে এক প্রতিক্রিয়ায় এ কথা জানান দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

বিজ্ঞাপন
Advertisement

তিনি বিবিসি বাংলাকে বলেন, যে কোনো দলের ব্যাপারে অন্য দলের শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করা ভালো। ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ পুরনো রাজনৈতিক ধারা এটাই ছিল।

হামিদুর রহমান আজাদ বলেন, রাজনীতির সেই পুরনো ধারা থেকে বের হয়ে আমরা চেয়েছিলাম ব্লেম গেমের রাজনীতিকে বিদায় দিতে। আমরা চাই ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে। সেটাই ছিল আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, কোনো দল বা ব্যক্তি যখন রাজনৈতিক সামঞ্জস্যতা কিংবা অবস্থান হারিয়ে ফেলে, তখন তারা যে কোনো মন্তব্য করতে পারে। সেটা তাদের কৌশল বা অবস্থান হতে পারে। তবে দায়িত্বশীল রাজনীতিতে এমন মনোভাব গ্রহণযোগ্য নয়।

এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, যারা জাতিকে নতুন স্বপ্ন দেখানোর কথা বলে, যারা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেন এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন, তাদের আরও ইতিবাচক ও দায়িত্বশীল মনোভাব নিয়ে এগোনো উচিত।

জামায়াতের এই নেতা আরও বলেন, নাহিদ ইসলামের সাম্প্রতিক মন্তব্য ‘পুরনো রাজনৈতিক ধারার প্রতিফলন’, যা নতুন প্রজন্মের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

এর আগে বিকেলে এক ফেসবুক পোস্টে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের দাবিকে জামায়াতে ইসলামীর ‘সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা’ বলে উল্লেখ করেছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি ওই পোস্টে জামায়াতের রাজনৈতিক ভূমিকা ও অতীত কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু সমালোচনাও করেন।

Related articles

spot_img

Recent articles

spot_img