জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ কয়েকজন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে তা ঠিক করার জন্য আগামী ১৩ নভেম্বর দিন ঠিক করে রেখেছেন ট্রাইব্যুনাল। ফ্যাসিস্ট হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে সংশয় নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর এম এইচ তামিম।তিনি বলেন, রাজনীতিতে যা–ই হোক, ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই। এছাড়াও ১৩ নভেম্বর রায় ঘোষণা করা হবে না। ওইদিন কবে রায় ঘোষণা করা হবে সেই দিন ঠিক করা হবে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ হাসিনার রায়ের বিরোধিতা করে সেদিন কথিত ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে যা নিয়ে ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে, ওইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে সতর্ক আছে সরকার। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, ‘আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আপনার অনেক সময় বলেন সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, সহজে যেন জামিন না পায় এজন্য আমরা তাদেরও অনুরোধ করবো, যারা জামিন দেয় তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেয়।’জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।


